রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নাঈম নামের একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। ছবিতে দেখা যায়, আগুন নেভানোর জন্য ব্যবহৃত একটি পাইপের ফাটা অংশ দুই হাত ও পায়ের সাহায্যে পলিথিন পেঁচিয়ে চেপে ধরে আছে নাঈম। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই ছেলে এখন বীর হিসেবে সবার কাছে আলোচনায় এসেছে।
কে এই নাঈম?
রাজধানীর কড়াইল বস্তিতে বাবা-মায়ের সঙ্গে থাকে নাঈম। সে পড়ে ব্র্যাকের আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণিতে। নাঈমের বাবা একজন ডাব বিক্রেতা, আর মা একজন গৃহকর্মী।
নাঈমের দায়িত্ব নিচ্ছে সামি
নাঈমের জন্য পাঁচ হাজার ডলার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি। পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ওমর ফারুক সামি জানান, 'মানুষের প্রতি নাঈমের ভালোবাসা দেখে আমি খুবই খুশি হয়েছি। নাঈম খুব কষ্ট করে লেখাপড়া করছে। সে পুলিশ অফিসার হতে চায়।
তার ইচ্ছেপূরণ করতে আজ থেকে তার পড়ালেখার দায়িত্ব নিচ্ছি। পর্যায়ক্রমে তার উপহারের পাঁচ হাজার ডলারও প্রদান করব।'
এ বিষয়ে নাঈমের পরিবারের সাথে কথা হয়েছে বলে জানান সামি।


0 মন্তব্যসমূহ